
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা দেখতে গিয়ে তর্কাতর্কি ও ধাক্কাধাক্কির জেরে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বল্প নোয়াগাঁও ও হাবলীপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। রাত সোয়া ১০টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে স্বল্প নোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় হাবলি পাড়ার লামিন। খেলা দেখার সময় স্বল্প নোয়াগাঁও গ্রামের শুভর সঙ্গে লামিনের কথাকাটাকাটি ও ধাক্কা-ধাক্কি হয়। এক পর্যায়ে শুভ হাবলি পাড়া গ্রামের লামিনকে মারধর করে। এ ঘটনার পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় রাতে আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাব্বির আহমেদ জানান, সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৫ জন রাত সাড়ে ৯টার মধ্যে এখানে চিকিৎসা নিয়েছেন। পরে আরও অনেকে এসেছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের ওপরও হামলা হয়েছে। আমাদের সার্কেল স্যার আহত হয়েছেন। তিনি পায়ে ইটের আঘাত পেয়েছেন। জড়িত অন্যদের আইনের আওতায় আনা হবে।
আরটিভি/টিআর




