
ময়মনসিংহের ভালুকায় গোপন বৈঠক করার সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খারুয়ালী এস.বি.এফ ইটভাটা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— খারুয়ালী গ্রামের দুই ভাই সাব্বির (২৬) ও সিয়াম (১৯) এবং তামিম (১৯), মো. শাহাদৎ শেখ (২০) মো. ফাহিম শেখ (১৯)। এছাড়া রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের ইকবাল মিয়া (২০), মো. মামুন মিয়া (১৯) এবং ভালুকা বাজার এলাকার রনি (২০)।
জানা গেছে, ছাত্রলীগের একদল নেতাকর্মী খারুয়ালী এলাকায় এস.বি.এফ ইটভাটার সামনে জড়ো হয়ে গোপন বৈঠক করছে— এমন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশ সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ওই আটজনকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম আরটিভিকে জানান, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে জনবল সংগঠিত হয়ে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরটিভি/এমএইচজে


