
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিনগর ঘাট থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া একটি ডিঙি নৌকা গন্তব্যের পথে পদ্মা নদীর প্রায় মাঝনদীতে ডুবে যায়। নৌকাটিতে থাকা ১২ জনের মধ্যে ১০ জন নদীর স্রোতে ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে গেলে তাদের জীবিত উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এখনো একজন নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, সদর উপজেলার আলিনগর ঘাট থেকে একটি ডিঙি নৌকায় করে ১২ জন জহরপুর ক্যাম্প ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন। গন্তব্যের পথে পদ্মা নদীর প্রায় মাঝনদীতে পৌঁছালে নৌকাটি ডুবে যায়। এ সময় একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। বাকি ১১ জন নদীর স্রোতে ভেসে ভারতীয় সীমান্ত এলাকায় চলে যান।
পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর খাণ্ডাহা ক্যাম্পের সদস্যরা তাদের মধ্যে ১০ জনকে উদ্ধার করেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন বলে জানা গেছে। তারা বর্তমানে বিএসএফের হেফাজতে রয়েছেন।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বিএসএফের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে, ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে পতাকা বৈঠকের আয়োজন করা হচ্ছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। এ জন্য পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরটিভি/টিআর




