
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়েছে নারীদের এক ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা। জমকালো এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জিকাবাড়ি বিলে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিকাবাড়ি বিলে অনুষ্ঠিত এ নৌকা বাইচে ১৫টি নৌকা অংশ নেয়। নৌকার মাল্লা হিসেবে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো বিল।
রংবেরঙের সাজে সজ্জিত নৌকাগুলো ছুটে চলে পানির ওপর। এ নৌকা বাইচ দেখতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার বিভিন্ন বয়সী মানুষ বিলের দুই পাড়ে ভিড় করেন। পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। দর্শনার্থীরা করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন। প্রতিযোগিতা শেষে অংশ নেওয়া দলগুলোর মধ্যে এবং বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকেরা জানান, সাধারণত নৌকা বাইচে পুরুষদের প্রাধান্য দেখা গেলেও এই প্রতিযোগিতায় নৌকার মাল্লা ও মাঝি হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাল্লাদের সম্মিলিত কণ্ঠের জারি-সারি গান উপস্থিত দর্শকদের ভীষণভাবে বিমোহিত করে।
দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজন উপভোগ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা।
নৌকা বাইচ উপভোগ করতে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শীলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি এবং মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মোসা. কামরুন নাহার লাভলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজক কমিটির আহ্বায়ক কামরুন নাহার লাভলী জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ছড়িয়ে দিতেই মূলত এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল।
আরটিভি/টিআর



