
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিনের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নার্সিং ইনস্টিটিউটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে শেরপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় আচরণ, কটূক্তি, অত্যাচার, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, সকল শিক্ষার্থীর ওপর অবিচার, কটূক্তি, অত্যাচার, অন্যায় আচরণ, প্রাতিষ্ঠানিক বিষয়ে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আমরা ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাকসুদা ইয়াসমিনকে পদ থেকে অপসারণ করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নার্সিং ইনস্টিটিউট, শেরপুরের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) মাকসুদা ইয়াসমিন আরটিভিকে বলেন, শিক্ষার্থীরা আমার বিরুদ্ধে যেসব অভিযোগের ভিত্তিতে মানববন্ধন করছে, তার একটি অভিযোগও যদি যৌক্তিক হয় এবং তদন্তের মাধ্যমে সত্যতা পাওয়া যায়, তাহলে কর্তৃপক্ষ আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমি তা মাথা পেতে নেব।
তিনি আরও অভিযোগ করেন, নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর গুলশান আরা ও শরিফা আক্তার মিলে এই ইস্যুটি তৈরি করে শিক্ষার্থীদের তার বিরুদ্ধে উসকে দিয়েছেন।
মাকসুদা ইয়াসমিন আরও বলেন, আমি এ ব্যাপারে কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের অনুরোধ করছি।
আরটিভি/জেএমএ




