
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগের দাবিতে বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলেজের সামনে গুরুত্বপূর্ণ ওই সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে কলেজটিতে পড়াশোনা করেও চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় ৪৮ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছেন না। ভর্তির ন্যূনতম যোগ্যতা পুনর্বিবেচনা করে তাদের ভর্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে তারা সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করে আসছেন। একটি পরীক্ষার ফলাফলের কারণে দীর্ঘদিনের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়া তাদের জন্য অত্যন্ত হতাশাজনক। নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
অভিভাবকেরা বলেন, তাদের সন্তানদের অনেকেই সামান্য নম্বরের ব্যবধানে জিপিএ-৫ পাননি। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীদের বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জানা গেছে, ভর্তির সুযোগ নিশ্চিত করার দাবিতে এর আগে ৪৮ শিক্ষার্থীর অভিভাবকেরা দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন করেন। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের কাছেও ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছিলেন তারা। তবে কোনো সমাধান না হওয়ায় রোববার সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে চলতি বছর ১০১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ১০০ জন উত্তীর্ণ হন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এ বছর কলেজটিতে ৩৫০টি আসন নির্ধারণ করা হয়েছে। গত ২৭ আগস্ট প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে জিপিএ-৫ নির্ধারণ করা হয়। ফলে জিপিএ-৫ না পাওয়া ৪৮ শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় পড়েছেন।
সড়ক অবরোধ চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। তিনি কলেজ কর্তৃপক্ষ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়ে অবগত হন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন।
এ বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ বলেন, কলেজে প্রতিবছর ভর্তির চাপ বাড়ছে। উত্তরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী। ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
আরটিভি/টিআর




