
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারয়াণপুর ইউনিয়ন থেকে গঙ্গাধর নদী দিয়ে গভীর রাতে নৌকাযোগে ৩৯ বস্তা সার পাচারের সময় জব্দ করেছে স্থানীয় জনতা। তবে এ বিষয়ে কোনো দায় নিচ্ছে না প্রশাসন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নারায়নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আউয়ালের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গভীর রাতে একটি নৌকাযোগে সার নিয়ে যাওয়া খবর পেয়ে নৌকাটি আটকানো হয়। এ সময় নৌকায় ৩৯ বস্তা (১৯৫০ কেজি) সার পাওয়া যায়। পরে সারগুলো স্থানীয়রা জব্দ করে স্থানীয় নেতা ফরিদুল জোয়ারদারের জিম্মায় জমা রাখেন।
নৌকার মাঝি আনিসুর রহমান জানান, নারায়ণপুরের ব্যবসায়ী মোস্তফা মোল্লার কাছ থেকে ১ হাজার ৭০০ টাকা বস্তা দরে এই সার কিনে নিয়েছেন বল্লভেরখাষ ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের তেল-বীজ ব্যবসায়ী আলতাফ হোসেন। তারা শুধু পরিবহন করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মোস্তফা মোল্লা স্থানীয় ডিলারের খুচরা বিক্রয় প্রতিনিধি।
স্থানীয়দের অভিযোগ, তারা সারা পান না অথচ চোরাইবাজারে চরামূল্যে পর্যাপ্ত সার পাওয়া যায়। সেসব সার এভাবেই পাচার হয়ে যায়।
স্থানীয় নেতা ফরিদুল জোয়ারদার বলেন, আটক ৩৯ বস্তা সার আমার পাশের বাড়িতে জমা রাখা হয়। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয় কৃষকদের তালিকা করে সরকারি দামে বিক্রি করে দেওয়া হয়েছে।
সার বিক্রির টাকা কে পাবে? এমন প্রশ্নে তিনি বলেন, যার সার সে (আলতাফ) পাবে। এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা অবগত আছেন।
আলতাফ এতগুলো সার কোথায় পেল জানতে চাইলে তিনি বলেন, সার কোথায় পেল তা জানি না। তবে এই সারের চালান বা রশিদ পাইনি। এই সার অবশ্যই অবৈধ উপায়ে সংগ্রহ ও বিক্রির উদ্দেশ্য ছিল।
নারায়ণপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মোস্তফা মোল্লা সাব ডিলার। তিনি আলতাফ হোসেনের সুমুন্দি (স্ত্রীর বড় ভাই। আলতাফ হোসেন মোস্তফার মাধ্যমে এই সার নিয়ে আসছে। এগুলো আমাদের বরাদ্দের সার না। যাত্রাপুর থেকে নিয়ে এসেছে। সেই সার স্থানীয়দের প্রয়োজন আছে বলে তারা আটক করেছে। আটক সার রোববার সকালে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে দিয়েছে বলে শুনেছি।
অভিযুক্ত আলতাফ হোসেন এই সার তার স্বীকার করে বলেন, এখন কৃষকদের মাঝে সার বিতরণ করছি। এ বিষয়ে সব বিস্তারিত পরে জানাব।
এদিকে এসব সারের দায় নিতে অস্বীকৃতি জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন জানান, এ সার তাদের হিসাবের না এবং আলতাফ ডিলার বা সাব ডিলার না। তিনি হয়ত কৃষকদের কাছ থেকে এই সার কিনেছেন।
কৃষকরা যেখানে সার পায় না সেখানে কীভাবে বিক্রি করবে? এই প্রশ্নের কোনো জবাব দেননি তিনি। তবে এতগুলো সার একজন ব্যবসায়ী কোথা থেকে এবং কেন সংগ্রহ করলেন সে বিষয়ে অনুসন্ধান করবেন বলে জানান তিনি।
আরটিভি/এমএইচজে




