
জামালপুরের মেলান্দহে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামির স্বজনদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশের অন্য আরেকটি ফোর্স ও স্থানীয় লোকদের সহযোগিতায় আসামি এনামুল হক (২৮) ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- মেলান্দহ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম হিমন (৩৪), সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল আওয়াল (৩৭), এএসআই আবু রায়হান (৪০), পুলিশ সদস্য আবু তাহের (২৯)। তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহতদের বরাতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, সোমবার সন্ধ্যার দিকে মেলান্দহ থানার এসআই হিমন ও সঙ্গীয় ফোর্স গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এনামুল হককে গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি এনামুল হককে গ্রেপ্তার করা হলে সে পরিচয় গোপন করে অন্য নাম বলে। পরে পুলিশের হাত থেকে ছেড়ে যেতে চাইলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে আসামি এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের গ্রেপ্তারে বাধা দিয়ে এনামুলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে থানার থেকে আরও একটি ফোর্স গিয়ে এনামুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় এসআই হিমন বাম হাতে আঘাত পেয়েছেন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
তিনি আরও বলেন, আসামি এনামুল ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরটিভি/এমএইচজে




