
বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৪০ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদর সংলগ্ন বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম এবং সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ থেকে ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
আগুন নিয়ন্ত্রণে বিজিবির তাৎক্ষণিক ও সমন্বিত তৎপরতায় বাজারের অন্যান্য অংশে আগুন ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে।
আরটিভি/এমএ




