
কক্সবাজারে গোসল করতে গিয়ে নিখোঁজ এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. শাহীন (১৫) উপজেলার রাজারকুল ইউনিয়নের সিকদারপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে ও মনসুর আলী সিকদার আইডিয়্যাল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে সিকদারপাড়া এলাকার বাদামতলী মাঠে কয়েকজন বন্ধুর সঙ্গে ফুটবল খেলছিল শাহীন। খেলা শেষে শাহীনসহ তিন বন্ধু পাশের বাঁকখালী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা নদীতে নেমে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও শাহীনের সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল সকালে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রামু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রথমে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তবে টিমে ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে একটি ডুবুরি দলকে আনা হয়।
আরটিভি/আইএম




