
জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে সুজন মিয়া (৩০) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে সুজন মিয়া তার ভ্যানে একজন যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের দিকে রওনা হন। বাজারের কাছাকাছি পৌঁছালে হালির মোড় নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে চালক সুজন মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
আরটিভি/এমএইচজে



