
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ১৫ জেলেসহ এমবি মায়ের দোয়া-৬ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে।
তবে অন্য একটি মাছ ধরার ট্রলারের সহায়তায় ওই ট্রলারে থাকা ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আলীপুর বন্দর থেকে প্রায় ৪৫ কিলোমিটার গভীর বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারটির মাঝি মূসা জানান, সকালে আলীপুর বন্দর থেকে মাছ ধরার উদ্দেশ্যে তারা সাগরে রওনা হন। কিছুদূর যাওয়ার পর সাগরের উত্তাল ঢেউয়ের ঝাপটায় ট্রলারটির তলা/কাঠামো ফেটে যায়। এতে ট্রলারে পানি ঢুকে সেটি ডুবতে শুরু করে। পরে কিছুক্ষণ সাগরে ভেসে থাকার পর কাছাকাছি থাকা অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের দেখতে পেয়ে ১৫ জেলেকে উদ্ধার করে।
ট্রলার মালিক মিজানুর রহমান বলেন, ট্রলারটি মাছ ধরার জন্য সাগরে পাঠানো হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়ার পর জেলেদের উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি। ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ১৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রলারটির এখনও সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
আরটিভি/এসএস


