
কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। এর আগে একই দিন চিলমারী উপজেলার ঢুষমারা থানায় মামলাটি করা হয়। মামলায় অভিযুক্ত করা হয়েছে মতিবর ফকির নামে এক ব্যক্তিকে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। পরীক্ষায় তিনি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন। একই সঙ্গে তারা আইনি পদক্ষেপ না নেওয়ার জন্য পরিবারকে নিরুৎসাহিত করেন।
কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
ঢুষমারা থানার ভারপ্রাপ্তি কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরটিভি/টিআর


