
যশোরে এক ছাত্রদল নেতা ও তার দাদার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রনেতার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে শহরতলির উপশহর তেলপাম্পের সামনে ট্রাকস্ট্যান্ড বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ জুবায়ের ইসলাম (২২) যশোর শহরের সেন্ট্রাল রোড এলাকার টিপুর ছেলে ও সরকারি সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা গেছে, মোহাম্মদ শাকিল (৩২), মোহাম্মদ রিদয় (৩০), মোহাম্মদ রিজভী (২৬), মোহাম্মদ বাবলুসহ (২৮) অজ্ঞাতনামা আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জুবায়ের ও তার দাদা মুক্তার শিকদারের ওপর হামলা চালান।
হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলাকারীরা দীর্ঘদিন ধরে জুবায়েরকে তার ব্যবসায়িক দোকান ছেড়ে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। দোকান না ছাড়ায় পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান গণমাধ্যমকে বলেন, মারামারির ঘটনায় ভুক্তভোগীরা থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্তের জন্য ইতোমধ্যে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম



