
লক্ষ্মীপুর সদর উপজেলায় খাল সংস্কারের কাজ আংশিক করেই ৩০ লাখ ৩ হাজার ৫৩৬ টাকার পুরো বিল নেওয়ার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সরেজমিনে খালের বিভিন্ন অংশে দীর্ঘদিনের পলি-ময়লা পড়ে থাকতে দেখা গেছে। অভিযোগ রয়েছে, খননের পাশাপাশি পাড় সংস্কার, বেড ব্লক ও টিবিএম নির্মাণের কাজও অসম্পূর্ণ রয়েছে।
এলজিইডি সূত্রে জানা গেছে, পুকুর ও খাল উন্নয়ন প্রকল্পের আওতায় ‘পি টু ডি’ ও ‘পি টু ডি ১/১’ খাল সংস্কারের কাজ পায় আম্মার ট্রেডার্স। স্থানীয়দের অভিযোগ, খালের বেশিরভাগ অংশে কাজ না করেই প্রকল্পটি শেষ দেখানো হয়েছে।
সরেজমিনে হামছাদী ইউনিয়নের কয়েকটি অংশে খালের তলদেশে খননের কাজ না হওয়ার চিত্র পাওয়া গেছে। প্রকল্প অনুযায়ী ৯টি বেড ব্লক ও ১৮টি টিবিএম নির্মাণের কথা থাকলেও বাস্তবে সেগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. ইকবাল হোসেন নথি না দেখে মন্তব্য করতে রাজি হননি।
এলজিইডির কর্মকর্তা উজ্জল চৌধুরী জানান, চূড়ান্ত বিল প্রস্তুত হলেও কিছু টাকা আটকে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


