
গোপালগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উলপুর এলাকার একটি পরিত্যক্ত ধানের মিলের ঘরের জানালার সঙ্গে বেল্ট দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমাম রেজার (১৮) বাড়ি বরিশাল জেলায় হলেও বর্তমানে তিনি সদর উপজেলার উলপুর পূর্বপাড়া গ্রামে মামা বাড়ির এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। তার বাবার নাম জহিরুল মৃধা। ইমাম রেজা গোপালগঞ্জ শহরের একটি শাড়ির দোকানের কর্মচারী ছিলেন।
স্বজনদের দাবি, ইমামকে হত্যা করে পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও রক্তের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিউল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরটিভি/আইএম


