
পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ি গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)।
নিহতদের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রোহান ও আরাফাত তারা দুজন বাড়ির পাশে বাগানের মধ্যে খেলা করার সময় ভিমরুলের মাটির বাসায় পাট কাঠি দিয়ে আঘাত করার ফলে বিপুল পরিমাণ ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় তাদের চিৎকারে পাশে থাকা আরেক শিশুর মা তাদের বাঁচাতে এগিয়ে এলে তাকেও আক্রমণ করে ভিমরুল। পরবর্তীতে কোনোমতে শিশুদুটিকে নিয়ে নিরাপদ আশ্রয়ে যান সেই নারী। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরদিন বুধবার (৩০ সেপ্টেম্বর) শিশুদুটির মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরটিভি/এমএইচজে


