
সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের উৎসাহিত করতে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের এসব বাইসাইকেল দেওয়া হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল তুলে দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান।
জানা গেছে, উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রতি শ্রেণির প্রথম ও দ্বিতীয় রোলধারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শ্রেণিপ্রতি দুটি করে মোট ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। এর মধ্যে ৪৩ জন ছাত্রী ও ৩৭ জন ছাত্র রয়েছে।
বাইসাইকেল পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস পাইলট হাইস্কুল, মডেল হাইস্কুল, বেত্রবতী হাইস্কুল, সোনাবাড়িয়া হাইস্কুল, বামনখালী হাইস্কুল, চন্দনপুর হাইস্কুল ও কাজিরহাট হাইস্কুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। শিক্ষার্থীরা যেন পড়াশোনায় আরও উৎসাহিত হয় এবং নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারে, সে জন্য আমরা তাদের পাশে আছি।
পাইলট হাইস্কুলের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক শেখ রাশেদুল হাসান কামরুল, সোনাবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আক্তার আসাদুজ্জামান চান্দু ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক মাস্টার মনিরুজ্জামান।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরটিভি/টিআর




