
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জিহাদ হোসেন চুন্নিরাইট গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, শুক্রবার (২ অক্টোবর) রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন জিহাদ। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগন বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্বজনরা গিয়ে শনাক্ত করেন।
পুলিশ ও স্বজনদের ধারণা, ড্রাগন বাগানে যাওয়ার সময় সেখানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদাজ রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে


