
যশোরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আরও দুই সহপাঠী আহত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা উপজেলার ফাঁসতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন (১৫) চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে। অন্যদিকে, আহত লিখন (১৫) ও ফাহিম (১৫) একই গ্রামের বাসিন্দা। তারা চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের, লিখন ও ফাহিম তিনজন একই মোটরসাইকেলে প্রাইভেট পড়তে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা তিনজন আহত হয়।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, জুবায়ের নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আরটিভি/আইএম




