
পটুয়াখালীর গলাচিপায় জমি দখলের উদ্দেশ্যে বন বিভাগের ম্যানগ্রোভ প্রকল্পের চার শতাধিক গাছ এক্সকেভেটর (ভেকু) দিয়ে ধ্বংস করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর আগস্তি বিটের আওতাধীন দক্ষিণ চরবিশ্বাস ম্যানগ্রোভ বাগানে এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চর আগস্তি বিটের ৭৫ হেক্টর জমিতে ২০১৫ সালে ম্যানগ্রোভ প্রকল্পের আওতায় বাগান সৃজন করা হয়। শনিবার বিকেলে স্থানীয় শাহিন হাওলাদারের নেতৃত্বে ৪-৫ জন ব্যক্তি এক্সকেভেটর দিয়ে তরমুজ চাষের জন্য বেড়িবাঁধ নির্মাণ করছিলেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। অভিযোগ রয়েছে, এ সময় তারা এক্সকেভেটর দিয়ে ম্যানগ্রোভ বাগানের চার শতাধিক গাছ ধ্বংস করেন।
তবে অভিযোগ অস্বীকার করে স্থানীয় শাহিন হাওলাদার বলেন, ওই চর ২০০৪-০৫ ও ২০০৫-০৬ অর্থবছরে গলাচিপা ভূমি অফিস ভূমিহীন কৃষকদের মধ্যে বন্দোবস্ত দিয়েছে। বন বিভাগ সেখানে কোনো গাছ লাগায়নি। প্রাকৃতিকভাবে কিছু আগাছা জন্মেছে মাত্র।
গলাচিপা বিটের বন কর্মকর্তা আবদুল বারেক বলেন, আমরা ২০১৫ সাল থেকে ওই চরে ম্যানগ্রোভ বাগান সৃজন করেছি। স্বাভাবিক বন পাহারার অংশ হিসেবে বনের মধ্যে এক্সকেভেটর দিয়ে বাঁধ দিতে দেখে আমরা বাধা দিই।
গলাচিপা উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি বলেন, মো. শাহিন হাওলাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ম্যানগ্রোভ প্রকল্পের ক্ষয়ক্ষতি নিরূপণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
আরটিভি/এসকে




