
খুলনায় দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ফজলুর রহমান (৫০) নামে এক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাতে খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজলুর রহমান যশোরের অভয়নগর উপজেলার বারান্দি ফকিরহাট এলাকার আবু তালেব খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে মোটরসাইকেলে করে মেয়ের সঙ্গে দেখা করতে খুলনায় আসেন তিনি। সন্ধ্যার দিকে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৭টার দিকে গ্যারিসন ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় গুরুতর আহত ওই কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান।
আরটিভি/টিআর


