
দিনাজপুরের হিলিতে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আটজন আহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সাদুরিয়া গ্রামের শেফালী বেগম (৩০), শিউলি (২৭), দেবাশী (৪৩), ডলি বেগম (৩০), ইয়াসিন আরাফাত (১১), সুফিয়ান (৩৯), মমতাজ (৫৫) ও রাহুল আমিন (৯)।
আহতরা জানান, সন্ধ্যা ৭টার দিকে সাদুরিয়া গ্রামের একটি মুদি দোকানের সামনে স্থানীয় কয়েকজন মানুষ বসে সময় কাটাচ্ছিলেন। এ সময় হঠাৎ একটি শিয়াল ধানখেত থেকে ছুটে এসে তাদের ওপর হামলে পড়ে এবং কামড় দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন শিয়ালটিকে প্রতিরোধ করার চেষ্টা করলে শিয়ালটি তাদেরও কামড় দেয়। এভাবে বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কামড়ে আহত করে শিয়ালটি।
এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতালের চিকিৎসক ডা. তৌহিদ হোসেন জামান বলেন, রাত ১০টা পর্যন্ত নারী, পুরুষ ও শিশুসহ মোট আটজন শিয়ালের কামড়ে আহত রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
ইদানীং গ্রামের পাড়া-মহল্লাগুলোতে শিয়ালের উপদ্রব বেড়েছে বলে জানান স্থানীয়রা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
আরটিভি/টিআর




