
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ১৪ বছর বয়সী সবুজের সন্ধান ১০ দিনেও মেলেনি।
গত ২৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অটোভ্যান নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে। পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ সবুজের বাবা সিরাজ মিয়া (৪৫) নিজেও অটোভ্যান চালান। তিনি পরিবার নিয়ে সখীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহারতা পশ্চিম এলাকায় ভাড়া থাকেন। সবুজ সখীপুর ও আশপাশের এলাকায় অটোভ্যান চালাত।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সখীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে গত ২৭ সেপ্টেম্বর গোপালপুর উপজেলার কালীবাড়ী বাজার এলাকা থেকে সবুজের অটোভ্যানটি উদ্ধার করে পুলিশ। তবে অটোভ্যানটি উদ্ধার হলেও নিখোঁজ সবুজের সন্ধান এখনো পাওয়া যায়নি।
ছেলের সন্ধান না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পরিবার। এ সময় তারা সবুজকে দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সখীপুর থানার এসআই তাজ উদ্দিন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে। সখীপুর ও গোপালপুর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। অটোভ্যানটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরকে উদ্ধারের চেষ্টা চলছে।”
এদিকে ১০ দিন ধরে ছেলের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সবুজের মা-বাবা ও স্বজনরা। সন্তানের ছবি হাতে নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ করছেন তারা। পরিবারের একমাত্র চাওয়া, যেকোনোভাবে সবুজের সন্ধান পাওয়া এবং তাকে নিরাপদে ফিরে পাওয়া।
আরটিভি/ এসকেডি


