
টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদরাসা পরিচালককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদরের শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটির ৫-৬ জন আবাসিক ছাত্রকে বিভিন্ন সময়ে বলাৎকারের অভিযোগ উঠেছে পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে। শুক্রবার আবাসিক এক ছাত্র ছুটিতে বাড়ি গেলে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে জানান।
শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদরাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত এলাকাবাসী পরিচালক ইব্রাহিম খান রিয়াদকে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু বলেন, এক ছাত্র পরিবারের কাছে বিষয়টি জানানোর পর তারা তাকে বিষয়টি অবগত করেন। পরে এ নিয়ে মাদরাসায় বৈঠক বসলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এসএইচএম



