
গাজীপুরের কালীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় তার এক চাচাতো ভাইসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অপর এক আসামি পলাতক রয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কালীগঞ্জ উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা প্রায় ছয় বছর আগে মারা গেছেন। তার তিন বোন ও এক ভাই রয়েছে। বড় বোনের বিয়ে হয়ে গেছে। শিশুটির মা ও আরেক বোন একটি প্রতিষ্ঠানে চাকরি করায় সে বেশির ভাগ সময় বাড়িতে একা থাকত।
এজাহারে অভিযোগ করা হয়, গত মে মাসে শিশুটির এক চাচাতো ভাই তাকে ফুসলিয়ে তাদের পুরোনো বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে হত্যার ভয় দেখিয়ে অন্য আসামিরাও বিভিন্ন স্থানে নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
সম্প্রতি শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি বুঝতে পেরে অভিযুক্ত চাচাতো ভাই ওষুধ এনে তাকে খাওয়ান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এরপর বুধবার ভোর চারটার দিকে শিশুটির পেটে তীব্র ব্যথা শুরু হয়। একপর্যায়ে তার গর্ভপাত হয়। তখন সে মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলে।
পরে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের একটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার তিনজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
আরটিভি/এসকে


