
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১২টার দিকে সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
অন্যদিকে আহতরা হলেন মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক ও রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একই মোটরসাইকেলে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট মোড় পার হওয়ার পর বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি বলেন, নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত অপর দুজন যশোরগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম


