
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে গলায় গামচা পেঁচিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী মালয়েশিয়া প্রবাসী আব্দুর রহিমের (৪৫) বিরুদ্ধে।
বিদেশ থেকে পাঠানো টাকা বাপের বাড়িতে পাঠানোকে কেন্দ্র করে সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।
সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার ধূলাউরি ইউনিয়নের কাশিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রোমেনা খাতুন ঐ গ্রামের মহরম আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী আব্দুর রহিম একই এলাকার ধুলাউরি চরপাড়ার বাসিন্দা। এই দম্পতির ঘরে দুটি পুত্রসন্তান রয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহিম দীর্ঘদিন মালয়েশিয়ায় প্রবাসী ছিলেন এবং গত দুই মাস আগে তিনি দেশে ফেরেন। প্রবাসে থাকাকালীন তিনি তার স্ত্রীর ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিয়মিত টাকা পাঠাতেন। সম্প্রতি রোমেনা খাতুন ওই জমানো টাকার কিছু অংশ নিজের বাপের বাড়িতে পাঠান— এ বিষয়টিকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয় এবং উভয়ের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।
এরই জেরে সোমবার রাতে আব্দুর রহিম ক্ষিপ্ত হয়ে রোমেনা খাতুনকে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে ক্ষোভের বশে তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করেন বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরটিভি/এমএইচজে


