
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পুনর্বহালের দাবি এবং সদর উপজেলা বিভক্তিকরণের ষড়যন্ত্রের প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে সড়কপথ ও রেলপথ অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বাসুদেব ইউনিয়নবাসীর ব্যানারে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে অন্তত ৭টি আন্তঃনগর ট্রেন; চরম ভোগান্তিতে পড়েছেন গুরুত্বপূর্ণ এই দুই রুটের যাত্রীরা।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাইন অবরুদ্ধ থাকায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে নোয়াখালী থেকে ঢাকাগামীউপকূল এক্সপ্রেস কসবা স্টেশনে, চট্টগ্রাম থেকে ঢাকাগামীসুবর্ণ এক্সপ্রেস আখাউড়া জংশনে, ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে, ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ভৈরব বাজার স্টেশনে, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস তালশহর স্টেশনে, ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী শ্রীনিধি স্টেশনে এবং সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস মুকুন্দপুর স্টেশনে দাঁড়িয়ে আছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল এলাকা ভেঙে 'বরিশল' নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করে আখাউড়া উপজেলার সাথে যুক্ত করা হয়। গত ৪ জুন এর গেজেট প্রকাশিত হলে বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
তবে বিষয়টির সুরাহা না হয়ে উল্টো সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন (বাসুদেব, সুলতানপুর ও রামরাইল) ভেঙে আখাউড়া উপজেলায় যুক্ত করা বরিশল ইউনিয়নের সাথে মিলিয়ে ‘বরিশল’ নামে একটি নতুন উপজেলা করার প্রস্তাব করা হয়।
বিক্ষুব্ধদের অভিযোগ, এ প্রস্তাবের নেপথ্যে কাজ করছেন জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া। তার আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠানো হলে পুরো এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে মাঠে নামেন তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ধন-সম্পদের নিরাপত্তায় পুলিশ সেখানে দায়িত্ব পালন করছে।
আরটিভি/এসএইচএম



