
করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টা ৪৫ মিনিটে একটি বর্ণাঢ্য সমবায় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান সালমান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষকে সংগঠিত করে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
বক্তারা আরও বলেন, সমবায়ের মূল লক্ষ্য হচ্ছে সম্মিলিত উদ্যোগে মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। এ লক্ষ্য বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহি ও নিষ্ঠার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে।
এ সময় উপজেলা সমবায় কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো:আশরাফ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন, আব্দুল খালেক সেলিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন আহমেদ মোল্লা, উপজেলা যুবদল সদস্য সচিব আব্দুর রহিম, বেসরকারি টেলিভিশন আরটিভির মনপুরা উপজেলা প্রতিনিধি সোহাগ মাহামুদ সৈকত, দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসান, দৈনিক বরিশাল বার্তার উপজেলা প্রতিনিধি মাসুদ হক শুভসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আরটিভি/আইএম




