
‘করবো সমবায়, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা প্রদান করা হয়।
রোববার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাখাওয়াত মজুমদার জুয়েল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তপু আহমেদ, বিআরডিবির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা সমবায় অফিসার মোঃ বিল্লাল হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ শাহআলম বিপু, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাস্টার সিরাজুল ইসলাম, মোঃ জিয়া উদ্দিন মজুমদার, মানিক সরকার, রাজীব চন্দ্র শীলসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমবায়ের মাধ্যমে সাধারণ মানুষ সম্মিলিতভাবে সঞ্চয় গড়ে তুলতে পারেন এবং নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটাতে পারেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সমবায় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করার ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ২০২৫ সালের শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে রেনেসাঁ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ জিয়াউদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া শিক্ষিত বেকার সঞ্চয় সমবায় সমিতিকেও সম্মাননা ও স্বীকৃতি দেওয়া হয়।
জাতীয় সমবায় দিবসের এ আয়োজনের মাধ্যমে কচুয়ায় সমবায়ভিত্তিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক স্বনির্ভরতার গুরুত্ব তুলে ধরা হয়।
আরটিভি/ এসকেডি




