
শেরপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে।
রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুসুমহাটি কাজিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. জিন্নাত আলী (৬৫) শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কাজিরচর গ্রামের মৃত টন মাহমুদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার কুসুমহাটি কাজিরচর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে চাচা ও ভাতিজাদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় নিহতের ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ ৫-৬ জন মিলে মো. জিন্নাত আলীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারেন এবং ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর ও মুমূর্ষু অবস্থায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানিয়েছেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি ও অন্যান্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/টিআর




