
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাঠের সড়ক ব্যারিকেড দিয়ে একটি মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর একই সড়ক থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, সাহারবাটি গ্রামের আরিফুল ইসলাম একটি টিভিএস মোটরসাইকেলযোগে সাহারবাটি থেকে তেঁতুলবাড়ীয়া গ্রামে শ্বশুরু বাড়িতে যাচ্ছিলেন। ফাঁকা মাঠের মধ্যে গেলে সড়কের উপরে আড়াআড়ি রসি টাঙ্গিয়ে তাকে গতিরোধ করে ছিনতাইকারীরা। দেশি অস্ত্রশস্ত্র দেখিয়ে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় একদল ছিনতাইকারী।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের ঘটনাস্থল থেকে ১ কিলোমিটার দূরে একই সড়কে দুটি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে পুলিশ। ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় বোমাসদৃশ বস্তু দুটি ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ জানান, বোমাসদৃশ বস্তু দুটি নিরাপদে থানায় হেফাজতে নেওয়া হচ্ছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
আরটিভি/এমএইচজে



