
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোটালীপাড়ায় চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা ঝুলিয়ে দেওয়া ও দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এসব ঘটনায় নাবিল হাসান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, টুঙ্গিপাড়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগের এক কর্মী।
সোমবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া ফাজিল মাদরাসা, ওয়েস্ট কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কাজী মন্টু কলেজ ও ভাঙারহাট টিটি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। একই রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে ও টুপুরিয়া বাসস্ট্যান্ডে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসব ঘটনায় গ্রেপ্তার নাবিল হাসান উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের জুটিয়ারবাড়ি গ্রামের আখতারুজ্জামানের ছেলে।
কুশলা নেছারিয়া ফাজিল মাদরাসা সুপার বাকের হোসেন বলেন, রাতে কে বা কারা মাদরাসার প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়। সকালে এসে তালা দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। তবে অন্যান্য দিনের মতো শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক রয়েছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় নাবিল হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। হরতালের তেমন কোনো প্রভাব উপজেলায় পড়েনি। জনজীবন স্বাভাবিক রয়েছে।
এদিকে, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সামছুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টুঙ্গিপাড়া সরকারি কলেজ এলাকা থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে।
এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ছাত্রলীগের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। তবে তার পরিচয়, গুলিবিদ্ধ হওয়ার পরিস্থিতি এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
আরটিভি/এসকে


