ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, এখন কী করছেন গাছিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

চলতি শীত মৌসুমে যশোরের ঐতিহ্যবাহী খেজুরগুড় ঘিরে প্রায় ১২০ কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বপ্ন দেখছেন চাষি, গাছি ও ব্যবসায়ীরা। শীতের আগমনী বার্তায় জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে খেজুর গাছ প্রস্তুত ও রস সংগ্রহের কর্মযজ্ঞ। তবে বিপুল সম্ভাবনা থাকলেও গাছি সংকট, গাছ নিধন ও ন্যায্য মজুরি না পাওয়াসহ নানা সমস্যায় চ্যালেঞ্জের মুখে পড়েছে এ শিল্প।

২০২৪ সালে ১৫ ফেব্রুয়ারি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকেই যশোরের খেজুরগুড়ের বাজার সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। খেজুররস থেকে তৈরি সিরাপ বিদেশে পাঠানোর চিন্তা জেলা প্রশাসনের।

জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। কোথাও চলছে খেজুর গাছের ডালপালা ছাঁটাই, কোথাও বসানো হচ্ছে রস সংগ্রহের নলি। আবার কেউ গাছে উঠে দিচ্ছেন প্রথম ‘চাচ’, কিংবা শান দিচ্ছেন গাছি দায়ে।

জেলার প্রায় সাড়ে ছয় হাজার গাছি এখন ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করছেন। প্রথম চাচের পর আরও দুই দফা পরিচর্যা শেষে গাছে বসানো হবে মাটির ভাড় বা ঠিলে। এরপরই ফোঁটায় ফোঁটায় জমতে শুরু করবে খেজুরের রস। আর সেই রস থেকেই তৈরি হবে ঐতিহ্যবাহী গুড় ও পাটালি।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলার আটটি উপজেলায় সব মিলিয়ে মোট ২২ লাখ ৫৯ হাজার ৭১১টি খেজুর গাছ রয়েছে। এর মধ্যে পূর্ণ বয়সের গাছ তিন লাখ ৪২ হাজার ৬২৬টি, ৫-১০ বছরের গাছ ১২ লাখ ১৩ হাজার ৭১৩টি এবং পাঁচ বছরের কম বয়সের গাছ সাত লাখ ৪৫ হাজার ৭১৪টি।

বর্তমানে ৩ লাখ ২৯ হাজার ১৯৬টি গাছ থেকে রস সংগ্রহ করা হচ্ছে। রস সংগ্রহের কাজে সরাসরি যুক্ত গাছির সংখ্যা ছয় হাজার ২৫০ জন এবং কৃষকের সংখ্যা ১৫ হাজার ১৪৪ জন।

জেলায় মোট ৫২ কোটি ৮৮ লাখ ৬৯ হাজার ৫৯৫ লিটার রস উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে, যা থেকে মোট ৭,০৯০ মেট্রিক টন গুড় পাওয়া যাবে। উৎপাদিত এই গুড়ের মোট আর্থিক মূল্য প্রায় ১১১ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা।

ঐতিহ্যবাহী এই শিল্প লাভজনক ও সম্ভাবনাময় হলেও এর নেপথ্যে রয়েছে নানা সংকট। চার মাসের এই শীত মৌসুমে পেশাদার গাছিরা হাড়ভাঙা পরিশ্রম করলেও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হন।

মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের বাঙালিপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ গাছি আতিয়ার রহমান বলেন, ‘আমি ভ্যানগাড়ি চালাই। আশ্বিন মাসে দা, দড়া, তাড়া বাইন দৌড়ি গোছাই। কার্তিক মাস পড়লেই এই গাছ ঝোড়া শুরু, আর ওই ফাল্গুন পর্যন্ত গাছ কাটব।’

‘দীর্ঘ ৪৫ বছর ধরে যুক্ত আছি। অভাবের কারণে বাধ্য হয়ে ছোটবেলা থেকেই এই পেশায়। তরুণ প্রজন্ম পড়াশোনা বা অন্য পেশায় ঝুঁকে পড়ায় নতুন কোনো গাছি তৈরি হচ্ছে না,’ বলেন তিনি।

মৌসুমের শুরুতে দা, দড়া ও সরঞ্জামাদি তৈরি করতে একজন গাছির দুই থেকে তিন হাজার টাকা খরচ হয়। অথচ, বর্তমান বাজারে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে সংসার চালানো অত্যন্ত কঠিন। সরকারি প্রণোদনা বা সহায়তা না পাওয়ায় অনেকেই এই পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন বলে জানান তিনি।

আরেক গাছি আনিসুর রহমান বলেন, ‘আব্বা মারা যাওয়ার পর খেজুর গাছে ওঠার লোক ছিল না। তখন স্কুলে যাওয়া বাদ দিয়ে আমাকে খেজুর গাছে উঠতে হলো। ছোট ভাই-বোনের জন্যে শেষমেষ এই পেশা বেছে নিলাম। শীতে এই কাজ আর গরমের সময় গলদা চিংড়ি মাছের পোনা ধরি।’

যশোর শহরতলীর আরবপুর এলাকার আতিয়ার রহমান বলেন, ‘প্রত্যেক বছর এয়ারপোর্ট বাইপাস রোডে ৬০০ গাছ লিজ নিয়ে কাটি। এখন গাছের পেছনে অনেক খরচ, লাভবান হওয়া যাচ্ছে না। গাছি পাওয়া যায় না, গুড়ের দামও কম।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, যশোরে প্রায় সাড়ে ২৩ লাখ খেজুর গাছ রয়েছে। অথচ রস সংগ্রহ করা হয় মাত্র সাড়ে তিন লাখ গাছ থেকে। পরিকল্পিত উদ্যোগ ও সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো গেলে সৃষ্টি হতে পারে নতুন কর্মসংস্থান, সমৃদ্ধ হবে ঐতিহ্যবাহী খেজুরগুড়ের অর্থনীতি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) সুলতানা আফরোজ বলেন, ‘যশোরে প্রায় ১৫ হাজার কৃষক এতে সম্পৃক্ত। আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি বসতবাড়ি, পতিত জমি এবং রাস্তার ধারে খেজুর গাছ রোপণ করতে। বিদ্যমান গাছগুলোর পরিচর্যা যাতে ঠিকভাবে করে সে জন্য প্রতিনিয়ত প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ‘খেজুরের রস ও গুড় যশোরের প্রসিদ্ধ। জিআই পণ্য হিসেবেও স্বীকৃতি পেয়েছে। গাছিদের অনেকক্ষেত্রে কিছু সাপোর্ট দিয়ে থাকি। প্রয়োজন অনুযায়ী গাছিদের সহায়তা, উন্নত পদ্ধতিতে রস আহরণে যে সরঞ্জামাদি দরকার- তা সরবরাহ, রস থেকে গুড় তৈরির উন্নত পদ্ধতি সরবরাহ এবং খেজুর রসের সিরাপ তৈরি করে তা দেশের বাইরে পাঠানোর চিন্তা ভাবনা রয়েছে।’

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
পাবনা জেলা যুবলীগের সদস্য আকিবুল করিম লিটনকে ফেনী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর রাতে ফেনী শহরের ডাক্তারপাড়া এলাকার আব্দুর রহমান লেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ফেনী থেকে গ্রেপ্তার পাবনা যুবলীগ নেতা
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে আরেকটি সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটির তরফ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তাই অবরোধ প্রত্যাহার নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
সাজেকে একপক্ষের অবরোধ প্রত্যাহার, কার্বারী অ্যাসোসিয়েশনের কমিটি বিলুপ্ত
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারে সর্বজনীন শ্রী শ্রী কালীমাতা মন্দিরের ছাদ থেকে পড়ে সালেক মৃধা (নাম) এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বাকেরগঞ্জে মন্দিরের ছাদ থেকে পড়ে সাউন্ডকর্মীর মৃত্যু
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বিদেশ মিশনে আকাঙ্ক্ষা, বাড়তি আয় ও নানা সুযোগ-সুবিধা—সবকিছুর চেয়ে তার কাছে বড় অসুস্থ বৃদ্ধ মায়ের সেবা। তাই মাকে একা রেখে বিদেশে যেতে চাননি হবিগঞ্জের মাধবপুরের ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. আব্দুল করিম।
মায়ের জন্য পাগলপ্রাণ আনসার কমান্ডার করিম
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এর দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায় নিজের বাংলোয় বসেই সরকারি দায়িত্ব পালন করছেন তিনি।
বাংলোয় বসেই অফিসের দাপ্তরিক করছেন ইউএনও
আরও পড়ুন
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...
দরিদ্র পরিবারের কিশোরীকে অন্তঃসত্ত্বা করে পালালেন আদম ব্যবসায়ী
আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আধুনিকায়ন হচ্ছে বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়াম
যবিপ্রবিতে উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা উদযাপন