
বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ের নামে প্রতারণা এবং একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে।
৮ নভেম্বর সপ্তম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সেন্টু ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, প্রতিবেশী সেন্টু ভূঁইয়া তার নিঃসন্তান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে বিয়ে ও জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে অক্টোবর মাসে টানা চারদিন তাকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন।
অভিযোগে আরও বলা হয়, ৩ নভেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বরিশাল আদালতে নিয়ে যান সেন্টু ভূঁইয়া। সেখানে কোর্ট ম্যারেজের নামে বিয়ের কাগজপত্র তৈরি করা হয়। এরপরও স্ত্রী পরিচয়ে তার ওপর একাধিকবার শারীরিক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
তবে অভিযুক্ত সেন্টু ভূঁইয়ার দাবি, বরিশালের একজন আইনজীবীর মাধ্যমে তারা কোর্ট ম্যারেজ করেছেন। বিষয়টি গোপন রেখে ওই ছাত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন তিনি।
সেন্টু ভূঁইয়ার ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হলে ৮ নভেম্বর বিকেলে স্থানীয় লোকজন তাকে চাপ দেন। একপর্যায়ে তিনি বিয়ের বিষয়টি স্বীকার করেন। ওই দিন সন্ধ্যায় নতুন শ্বশুরবাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন।
এদিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার রাতে গৌরনদী মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। সোমবার সকালে ওই ছাত্রীকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলার পর অভিযুক্ত সেন্টু ভূঁইয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।
আরটিভি/এসএস


