
মাগুরা সরকারি হোসেন শহিদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের পুরাতন ৫ নম্বর ভবনের সামনে একটি মিষ্টির প্যাকেটের ভেতরে বস্তুটি পাওয়া যায়। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
কলেজের স্বাভাবিক পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলাকালে সন্দেহজনক বস্তুটি নজরে আসে। পরে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দীন গণমাধ্যমকে বলেন, একটি মিষ্টির প্যাকেটের ভেতরে লাল টেপে মোড়ানো বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এটি বোমা কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। কলেজে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এমন বস্তু পাওয়ার বিষয়টি উদ্বেগজনক।
কলেজ ছাত্রদলের সভাপতি ইজাজ আহমেদ বলেন, কলেজে কোনো বড় ধরনের সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মাগুরা সদর থানার তদন্ত কর্মকর্তা আবু বক্কর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি বোমাসদৃশ বলে ধারণা করা হচ্ছে। তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা এবং কী উদ্দেশ্যে কলেজের ভেতরে এটি রেখে গেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
আরটিভি/এমএইচজে


