
পরিবার বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আকতার ধর্ষণ ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নাছিরকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৭।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে জেলার হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই নয়াহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাছির (৪৮) ফটিকছড়ি উপজেলার শাহানগর এলাকার বাসিন্দা।
এসআরবি-৭ জানায়, ২০০৪ সালের ১৬ মে ফটিকছড়িতে নিজ বাড়ির দক্ষিণ পাশে একটি মান্দার গাছের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় রোজি আকতারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়। পরে ময়নাতদন্ত প্রতিবেদনে রোজি আকতারকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর তার বড় ভাই আবু তাহেরের অভিযোগের ভিত্তিতে ২০০৪ সালের ২ জুলাই ফটিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মামলার তদন্তে উঠে আসে, রোজি আকতারের প্রতিবেশী আবদুল মান্নান তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। মান্নানের বিয়ের প্রস্তাবে রাজি হয়নি তার পরিবার। এর জেরে ২০০৪ সালের ১৫ মে রাত ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে মান্নান ও নাছির তাকে জোর করে মান্নানের দোকানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
আরটিভি/এসএস


