
সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুনামগঞ্জ- ১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকারের সভাটি সিলেটের বহুল পরিচিত রাতারগুলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
মামলার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যুক্তরাজ্য চলে যাওয়ার দীর্ঘদিন পর ভারত হয়ে দেশে ঢুকে নেতাকর্মীদের নিয়ে সভা করেন তিনি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের রাতারগুল এলাকার রিসোর্ট সোহেল স্কয়ারে সভাটি করেছেন তিনি।
সভায় রাজনীতি নিষিদ্ধ আওযামী লীগের ১৭৫ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রিসোর্টের দায়িত্বে থাকা লোকজন।
শিক্ষা সফরের কথা বলে গত ৬ নভেম্বর রোকন নামের একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। পুলিশকে এমন তথ্য জানিয়েছে সোহেল স্কয়ারের ম্যানেজার ও কর্মচারীরা। তিনি নিজেই এই রিসোর্টে পরিচালনা করেন বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এই বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উমর ফারুক মন্ডল বলেছেন, সাবেক এমপির সভা করার বিষয়টি তিনি জানেন না। এই বিষয়ে তার কাছে কোন তথ্য নেই।
তবে রাতারগুলের রিসোর্টে সাবেক এমপি রনজিত সরকারের সভা করা বিষয়টি নিশ্চিত করেছেন
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে সোহেল স্কয়ার রিসোর্টে অভিযান চালান। এ সময় রিসোর্টের এক কর্মচারী পুলিশকে জানিয়েছেন, গত ৬ নভেম্বর রোকন নামের একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন শিক্ষা সফরের নামে। দুটি বাসে করে গত ৮ নভেম্বর বিকেলে লোকজন রিসোর্টে গিয়েছিল। রিসোর্টে খেলাধুলা, গান হয়েছে। পরে রাতে পুরস্কার বিতরণ হয়েছে। পুরস্কার বিতরণের জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। সাবেক এমপি রনজিত সরকার রিসোর্টে কোন সময়ে এসেছিলেন তারা জানেন না। রনজিত সরকারকে তারা চিনেনও না। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এর আগে এমপির সভায় উপস্থিত থাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আটক করেছে পুলিশ।
এ দিন সকালে সুনামগঞ্জ সদর থানা পুলিশ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
এমপির মতবিনিময় সভার স্থান ও বিস্তারিত জানতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।
তারা মিয়াকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ।
সদর থানার ওসি রতন শেখ জানান, সাবেক এমপি রনজিত সরকারের ভাইরাল হওয়া ভিডিওতে আওয়ামী লীগ নেতা তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে। মোবাইল ট্যাকিং করে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট থেকে তারা মিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মিয়া যাতে সভার স্থান ও সভার বিষয়ে সঠিক তথ্য দেন এজন্য জিজ্ঞাসাবাদ করছেন উর্ধ্বতন কর্মকর্তারা।
সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তারা মিয়া প্রাথমিকভাবে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে রনজিত সরকার এই সভা করেছেন বলে তথ্য দেয়। তারা মিয়ার কথা অনুযায়ী, সুনামগঞ্জ থেকে পুলিশের একটি দল তাকে নিয়ে সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে যায়।
রিসোর্টের ব্যবস্থাপক পারভেজ মোশারফ বলেন, গেল ৪ নভেম্বর অ্যাডভোকেট রুকনসহ দুই জন রিসোর্টে এসে বুকিংয়ের বিষয়ে কথা বলে যান এবং জায়গাটি ঘুরে দেখেন। এরপর ৮ নভেম্বর সন্ধ্যার দিকে রিসোর্টের অফিশিয়াল বিকাশ নম্বরে ১০ হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বুকিং কনফার্ম করা হয়। শিক্ষা সফরে আসা মোট ১৭৫ জনের এই দলের জন্য সর্বমোট ৫২ হাজার টাকা বিল নির্ধারণ করা হয়েছিল।
তিনি বলেন, শিক্ষা সফরে আসা দলটি দুপুর বা বিকেল ৩টার দিকে রিসোর্টে প্রবেশ করে। এরপর তারা রিসোর্টের সামনের লেক ও মিনি ফুটবল খেলার মাঠে খেলাধুলাসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়। সাধারণত বিভিন্ন প্রোগ্রাম হলে যেভাবে অনুষ্ঠান করা হয়, এখানেও সেভাবে প্যান্ডেল টাঙিয়ে এবং খুঁটি গেড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছিল। সমস্ত অনুষ্ঠান শেষে রাত ৮টা, সাড়ে ৮টা বা ৯টার দিকে তারা আনন্দমুখর পরিবেশে রিসোর্ট থেকে বের হয়ে যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী ওখানে গিয়ে জানা গেছে, শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী গেল ৮ নভেম্বর রাতারগুল ‘সোহেল স্কয়ার—ইকো রিসোর্ট’ ভাড়া নেন। ওখানে শিক্ষা সফরের ব্যানারও প্রথম লাগানো হয়। পরে হঠাৎ করে রনজিত সরকার উপস্থিত হন এবং ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
তিনি জানান, ওই রিসোর্টের মালিক গোয়াইনঘাটের মহিষখলার শাহ্ আলম সোহেল। ব্যবস্থাপক পারভেজ মোশারফ। পারভেজ মোশারফ পুলিশকে জানিয়েছেন, অ্যাডভোকেট রুকন নামের একজন আইনজীবী দশ হাজার টাকা অগ্রিম দিয়ে রিসোর্ট বুকিং দেন।
প্রসঙ্গত, এখলাছুর রহমান তারা মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাড. রনজিত সরকারের ঘনিষ্ট হিসেবে পরিচিত। গেল সরকারের সময়কালে রনজিত সরকার এমপি নির্বাচিত হবার পর এলাকায় তারা মিয়ার ব্যাপক প্রভাব ছিল। সোমবার বিকেলে ভাইরাল হওয়া রনজিতের ভিডিও বক্তব্যে তারা মিয়ার উপস্থিতি দেখা গেছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভার বক্তব্য প্রচার করে সাবেক এমপি অ্যাড. রনজিত সরকার। এই বক্তব্যের জেরে সোমবার মধ্যরাতে রনজিত সরকারের সিলেট শহরের গোপালটিলার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শ্লোগানে সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রোববার রাতে আলোচনা সভা করেন সাবেক এমপি রনজিত সরকার।
তবে সিলেটে কোথাও এমন সভা অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছিলেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।
সুনামগঞ্জ-১ ( জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সভার ব্যানারে সাবেক এমপি রনজিত সরকারের নির্বাচনী এলাকার চার উপজেলার নাম উল্লেখ ছিল।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রনজিত সরকার। সোমবার বিকেলে এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়েছে।
সাবেক এমপি অ্যাড. রনজিত সরকার ভারত থেকে বাংলাদেশ সীমান্তে ঢুকে এমন মতবিনিময় সভা করে আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে গেছেন বলে জানা গেছে।
সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্ত পাড়ি দিয়ে তিনি ভারতে ফিরে গেছেন বলে গণমাধ্যমকে নিজেই জানিয়েছেন। বর্তমানে তিনি ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থান করছেন বলে একটি সূত্রে জানা গেছে।
আরটিভি/এমএম



