
দেশব্যাপী সর্বাত্মক ছাত্র ধর্মঘটের সমর্থনে নীলফামারীতে ঝটিকা মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব কর্মসূচির দৃশ্য দেখা যায়। ভিডিওতে কয়েকজন নেতাকর্মীকে ঝটিকা মিছিল বের করে ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা।
তবে মিছিলটি জেলার ঠিক কোন এলাকায় অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারা এ কর্মসূচিতে অংশ নিয়েছেন, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি ফেসবুকে বিভিন্ন পোস্ট ও ভিডিও দেখে তারাও জানতে পেরেছেন। তবে ঘটনাটি কোন এলাকায় ঘটেছে এবং কারা এতে জড়িত তা শনাক্তে তথ্য সংগ্রহের কাজ চলছে।
এ বিষয়ে নীলফামারী জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আতিকুজ্জামান আতিক বলেন, ছাত্রলীগ গ্রামে নদীর পাড়ের কিছু জায়গায় অতি গোপনে মিছিল করার চেষ্টা করছে। তারা শহর কেন্দ্রীক কোনো সমস্যা সৃষ্টি করতে পারেনি। তারা গনহত্যাকারী নিষিদ্ধ সংগঠন। এদেশের জনগণ তাদের রক্ত মাখা হাতে কখনোই আর স্বাধীন বাংলাদেশের পতাকা তুলে দিবে না।
তিনি আরও বলেন, তারা এদেশের ছাত্র জনতার উপরে গনহত্যা চালিয়েছে তাদেরকে এদেশের ছাত্র সমাজ আর কখনো মেনে নিবে না। তারা আজকে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। তারা যে গনহত্যাকারী তারা আবার তা প্রমাণ করে দিল। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য সর্বদা সজাগ আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
আরটিভি/এমএম



