
শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে ভাসমান অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পৈলান মোল্লারকান্দি এলাকার পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পদ্মা নদীতে জোয়ারের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে নৌপুলিশের একটি দল গিয়ে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটির মাথা, দুই হাত ও দুই পা বিচ্ছিন্ন ছিল। শুধু ঘাড়ের অংশ পাওয়া গেছে। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে পড়েছিল। এ কারণে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির শুধু ঘাড়ের অংশ পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরটিভি/এমএইচজে




