
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা।
জানা যায়, কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় রাতের অন্ধকারে আগুন লাগার পর ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশাচালক আগুন দেখতে পান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
কার্যালয়টির তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন জানান, রাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। সড়কের পাশে হওয়ায় একজন অটোরিকশাচালক বিষয়টি দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় আওয়ামী লীগের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা নিশ্চিত।
কাজী সাখাওয়াত আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলেও ২০১৮ সালে তাদের এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।
এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী জানান, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।
আরটিভি/এসএইচএম


