
রাগ করে বাড়ি থেকে বের হয়েছিলেন এক তরুণী। নিজের কাছে টাকা না থাকায় সাহায্য চেয়েছিলেন ভাইয়ের এক বন্ধুর কাছে। এরপর সেই তরুণ সহায়তার কথা বলে চারদিন আটকে রাখেন তরুণীকে। পরে বিভিন্ন স্থানে নিয়ে দুই বন্ধুসহ করেন দলবদ্ধ ধর্ষণ।
আটক অবস্থা থেকে বেরিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে নড়াইল সদর থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী। মামলার পর অভিযুক্তসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে আদালতে অপরাধ স্বীকার করে দুজন জবানবন্দিও দিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- নড়াইল সদর উপজেলার আল আমিন শেখ ওরফে সাব্বির (২২) ও নূরনবি মোল্যা। অন্য আসামি মো. বিপ্লব পলাতক।
মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে ৪ নভেম্বর বিকেলে তিনি নিজ বাড়ি থেকে বের হন। সঙ্গে টাকা না থাকায় তিনি বড় ভাইয়ের বন্ধুকে ফোন করেন। সহায়তা করার কথা বলে তিনি কৌশলে তাকে আরেকজনের (মামলার আসামি) ফাঁকা বাড়িতে নিয়ে যান। সেখানে রাতে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরদিন রাতে তাকে আরেকজনের (আরেক আসামি) বাড়িতে নেওয়া হয়। সেখানেও তাকে ধর্ষণ করা হয়।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু মামলার এজাহারের বিবরণ থেকে জানান, ওই তরুণী একপর্যায়ে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ৬ নভেম্বর সন্ধ্যার পর তিনি কৌশলে একজনের মুঠোফোন থেকে ঘটনাটি তার ভাইকে জানান। এরপর ৮ নভেম্বর মধ্যরাতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।
তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি জবানবন্দি দিয়েছেন বলেনও জানান এই কর্মকর্তা।
আরটিভি/এসএস



