
চট্টগ্রামের সিআরবিতে অবস্থিত রেলওয়ে হাসপাতালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিল্পাঞ্চলের শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সীতাকুণ্ডে হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের একান্ত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো ও সুযোগ-সুবিধা ব্যবহার করে এটিকে একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হাসপাতালটি পরিচালিত হলে শয্যাসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের সুযোগ তৈরি হবে। এর ফলে নগরীর সাধারণ ও স্বল্প আয়ের মানুষ সরকারি ব্যবস্থাপনায় আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।
অন্যদিকে, চট্টগ্রামের শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতেও নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে সীতাকুণ্ডে শ্রমিকদের জন্য একটি হাসপাতাল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দিতে একটি ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি বৈঠকে আলোচনায় আসে। এ ছাড়া শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যায়ক্রমে মোট ছয়টি হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, দেশের অন্যতম বন্দরনগরী ও বাণিজ্যিক কেন্দ্র চট্টগ্রামে ক্রমবর্ধমান জনসংখ্যার পাশাপাশি আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবার চাহিদাও দিন দিন বাড়ছে। ফলে সরকারি হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে ১০০ শয্যার জেনারেল হাসপাতালে রূপান্তর করা হলে নগরীর স্বাস্থ্যসেবা অবকাঠামো আরও সম্প্রসারিত হবে। একইসঙ্গে দরিদ্র, নিম্নমধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, চট্টগ্রামের শিল্পাঞ্চল ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন বিপুলসংখ্যক শ্রমিক, পরিবহনকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। এ অঞ্চলের শিল্পকারখানায় কর্মরত শ্রমিকদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে সীতাকুণ্ডে হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা প্রয়োজন।
চসিক প্রশাসক বলেন, পরিকল্পনা দুটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরী ও আশপাশের শিল্পাঞ্চলে সরকারি স্বাস্থ্যসেবার পরিধি বাড়বে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ, শিল্পশ্রমিক ও সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস
আরটিভি/আইএম



