
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করেছেন তিনি।
পুলিশের সূত্র জানিয়েছে, মামলায় কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।
এর আগে, গত বুধবার রাত দেড়টার দিকে দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এতে বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটিই পুড়ে যায়। এসময় দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয় বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য।
এ ব্যাপারে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তবে তদন্তের স্বার্থে মামলার এজাহারনামীয় আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
এদিকে এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে দেশজুড়ে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনেও ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এদিন জাতীয় সংসদে বলেছেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটতে পারে।
সেইসঙ্গে তিনি এও বলেছেন, এমপি নুসরাতের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে- তা খতিয়ে দেখতে বিজিবি, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন যৌথভাবে তদন্ত করছে।
আরটিভি/এসএইচএম


