
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তাজেল মাদবর নামে কার্যক্রক নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাজেল মাদবর জাজিরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে একদল লোক সড়ক অবরোধ করেন। এ সময় তাদের অনেকের হাতে লাঠিসোঁটা ও লগি-বৈঠা দেখা যায়। অবরোধ চলাকালে বিভিন্ন স্লোগান দেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক টোলপ্লাজার সামনে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে তারা যানবাহনে হামলা ও ভাঙচুর করেন। এ ঘটনায় প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। এতে পদ্মা সেতুর দুই প্রান্তে যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে।
পুলিশ জানায়, মামলায় ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জাজিরার মাঝিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাজেল মাদবরকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাঝিরঘাট এলাকা থেকে জাজিরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল মাদবরকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১০ নভেম্বর দিবাগত রাতে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরটিভি/এমএম


