
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল রাতে গঠিত এই কমিটি শুক্রবার (১৩ নভেম্বর) থেকে তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন, বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।
শুক্রবার দুপুর ২টার দিকে তদন্ত কমিটির সদস্যদের ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করতে দেখা যায়। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন ঘর পরিদর্শন করেন এবং আগুন লাগার সম্ভাব্য কারণসহ ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখেন।
চার সদস্যের তদন্ত কমিটি গঠন ও তদন্ত কার্যক্রম শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান এবং জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) আহমেদ মাহবুব-উল-ইসলাম।
উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়ির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। সংসদ সদস্য ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা দাবি করে বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ তুলেছেন। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে প্রশাসন।
আরটিভি/এসআর


