
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে জেলে নবী হোসেনের জালে ধরা পড়েছে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। মাছটি কুয়াকাটা পৌর মেয়র বাজারে নিলামে বিক্রি হয়েছে আট হাজার ৫১০ টাকায়।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে মাছটি আড়তে আনা হলে নিলামের মাধ্যমে কিনে নেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল ঘরামী। তিনি ‘ঘরামী ফিস কুয়াকাটা’র স্বত্বাধিকারী। মাছটির উচ্চমূল্য নিয়ে স্থানীয় ক্রেতা ও পর্যটকদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, ক্রেতা জয়নাল ঘরামী মাছটি রপ্তানির জন্য প্রস্তুত করবেন বলে জানিয়েছেন। এর আগে, বুধবার (১১ নভেম্বর) ২ কেজি ওজনের আরেকটি ইলিশ ৭ হাজার ৪০০ টাকায় কিনেছিলেন তিনি। বড় আকৃতির ইলিশ দেখতে ও কেনার আগ্রহ রয়েছে অনেকের।
মাছটি ধরা পড়া ট্রলারের জেলে নবী হোসেন বলেন, আমরা প্রতিদিন সাগরে মাছ ধরতে যাই। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে এটিই প্রথম বড় ইলিশ পেয়েছি। ছোট ইলিশের পাশাপাশি এত বড় একটি মাছ পেয়ে আমরা খুশি। ভালো দামে বিক্রি করতে পেরে আর্থিকভাবেও লাভবান হয়েছি।
মাছটির ক্রেতা জয়নাল ঘরামী বলেন, সাগরে মাছের পরিমাণ কম। যা পাওয়া যায়, তার বেশিরভাগই ছোট আকারের। বড় ইলিশ সব সময় পাওয়া যায় না। মাছটির ওজন ও মান বিবেচনা করে ৮ হাজার ৫১০ টাকায় কিনেছি। বড় ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ রয়েছে। আশা করছি, ভালো দামেই বিক্রি করতে পারব।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক ড. রাজীব সরকার বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরার কার্যক্রম শুরু হওয়ায় জেলেদের জালে বড় আকৃতির ইলিশ ধরা পড়ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার ফলে ইলিশের প্রজনন ও বংশবিস্তারে ইতিবাচক প্রভাব পড়ার সুযোগ তৈরি হয়। তবে একটি বড় ইলিশ ধরা পড়েছে বলেই ইলিশের উৎপাদন বেড়েছে, এমন সিদ্ধান্তে আসা যাবে না। উৎপাদন ও প্রাপ্যতা বুঝতে দীর্ঘমেয়াদি গবেষণা এবং মাছ আহরণের পরিসংখ্যান বিশ্লেষণ করতে হবে।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী বলেন, বড় আকৃতির ইলিশ ধরা পড়া জেলেদের জন্য আনন্দের বিষয়। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে সরকারের মৎস্য সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ। এ জন্য জেলেদের আইন মেনে মাছ আহরণ করতে হবে এবং ইলিশের প্রজনন ও বৃদ্ধির জন্য নির্ধারিত নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে।
আরটিভি/এমএ




