
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অভিযোগে কুড়িগ্রামে ছাত্রলীগের সদর উপজেলা শাখার সভাপতি মোহাইমিনুল ইসলাম ফরহাদসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরহাদসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির নম্বর ১৭, জিআর নম্বর ৩৪৩/২৬ (কুড়িঃ)। গত ১৩ অক্টোবর মামলাটি করা হয়। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর (সংশোধনী-২০১৩) ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।
গ্রেপ্তার মোহাইমিনুল ইসলাম ফরহাদ কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি। অন্য গ্রেপ্তার ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘অরাজকতা ও নাশকতার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে। যারা নাশকতায় জড়িত থাকবে, তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশ জানিয়েছে, নাশকতা ও অরাজকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/ এসকেডি



