
চাঁদপুরের হাইমচরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাইমচর উপজেলার সাহেবগঞ্জ বাজারে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অভিযোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
এ সময় বাজারের তিনটি গোডাউন থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। অপরাধ স্বীকার করায় শাহাদাত সরদার (৩২) ও ওসমান গনি সরদার (৩২) নামে দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জব্দ করা কারেন্ট জাল বিধি মোতাবেক বিনষ্ট করার জন্য চাঁদপুর কোস্ট গার্ড ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
কোস্ট গার্ড, চাঁদপুর এবং হাইমচর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।
আরটিভি/জেএমএ


